ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘অবশেষে তুমি এলে’ শিরোনামের নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম। খবর বাংলানিউজের।
নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ–তরণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। আর প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প। নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি মিষ্টি গান রয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও টিউন করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিঁথি। রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।










