চট্টগ্রাম কলেজের ক্যান্টিন ব্যবস্থাপনায় তদারকি জরুরি

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী কলেজ হিসেবে পরিচিত আমাদের চট্টগ্রাম কলেজ। জ্ঞান, কর্ম ও সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রেই চট্টগ্রাম কলেজ এগিয়ে রয়েছে। চট্টগ্রামের সর্বোচ্চ সংখ্যক মেধাবী শিক্ষার্থীর অবস্থান এই শিক্ষাপ্রতিষ্ঠানে। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী এখানে আসেন। সর্বদিক থেকে সেরা এই বিদ্যাপীঠ হলেও দুঃখজনকভাবে বলতে হচ্ছে, কলেজের ক্যান্টিনের খাবারের মান অত্যন্ত খারাপ। ক্লাসের ফাঁকে কিংবা বিভিন্ন একাডেমিক কার্যক্রমের বিরতিতে শিক্ষার্থী ও শিক্ষকরা খাবারের প্রয়োজন মেটাতে ক্যান্টিনের ওপর নির্ভর করেন। কিন্তু খাবারের মূল্য অপরিবর্তিত থাকলেও ক্যান্টিনে থাকা খাবারের মান স্বাস্থ্যসম্মত নয়। কারণ, প্রায় সময় খাবারের মধ্যে বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের স্বাস্থ্যহুমকি তৈরি করছে। এর ফলে শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অসুস্থ হয়ে পড়ছেন এবং নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে অনুরোধ করছি, চট্টগ্রাম কলেজ ক্যান্টিনের খাবারের মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকি জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

সৈয়দা নাজিফা আক্তার

শিক্ষার্থী,

উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধনলিনীকান্ত সরকার : হাস্যরসিক গায়ক ও সাহিত্যবোদ্ধা
পরবর্তী নিবন্ধঅহংকার করার মতো নেতা