শুধু গঙ্গা-তিস্তা নয়, সব নদীর পানির ন্যায্য হিস্যা চাই : মির্জা ফখরুল

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

শুধু গঙ্গাতিস্তা নয়, উজান থেকে আসা সব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু গঙ্গাতিস্তা নয়, উজান থেকে আসা সব নদী আমাদের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আমরা চাই। জনগণ ঐক্যবদ্ধ হয়ে তা আদায় করবে। খবর বাংলানিউজের।

মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে কখনোই বিরোধ চাই না। কিন্তু সীমান্তে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করা হলে তা মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, কোনো ধরনের বাহানা না করে চলতি ডিসেম্বরেই ফারাক্কা চুক্তি নবায়ন করতে হবে এবং তা অনির্দিষ্টকালের জন্য কার্যকর করতে হবে।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা নির্বাচিত হয়েছেন, এতে আমরা আনন্দিত। তবে বিভাজনের রাজনীতি করবেন না। বাংলাদেশের বিরুদ্ধে অযথা বক্তব্য দেবেন না, যাতে দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। এ ধরনের বক্তব্য সুসম্পর্কের জন্য ইতিবাচক নয়। তিনি বলেন, ফারাক্কা আমাদের প্রতিরোধের প্রতীক। মাওলানা ভাসানী একসময় দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাকে সহযোগিতা করেছিলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ২৬ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এটি নবায়ন হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা মনে করি, দেশের স্বার্থে জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে এবং গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। তিনি বলেন, তারেক রহমান পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে যেমন চাপ সৃষ্টি করা সম্ভব হবে, তেমনি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লবণাক্ততাসহ নানা সমস্যার সমাধানের সুযোগ তৈরি হবে।

পূর্ববর্তী নিবন্ধমূল হোতাসহ গ্রেপ্তার তিন, ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা উদ্ধার
পরবর্তী নিবন্ধলিটনের লড়াইয়ে প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ