রাজধানীর মিরপুরে গত ১৪ মে হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটি। গতকাল এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, হজরত শাহ আলী বোগদাদী (রহ.) কেবল একটি নাম নয়, তিনি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম বাতিঘর।
পঞ্চদশ শতাব্দীতে সুদূর বাগদাদ থেকে ইসলাম ও মানবতার সুমহান বার্তা নিয়ে তিনি এই বাংলায় আগমন করেন এবং মিরপুরে তাঁর আস্তানা বা খানকাহ গড়ে তোলেন। তলোয়ার বা শক্তির জোরে নয়, বরং তাঁর প্রেম, সাম্য, মানবসেবা ও আধ্যাত্মিক দর্শনের পরশে এই অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটেছিল। বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













