লবণের উচ্চমূল্য, দুশ্চিন্তায় কাঁচা চামড়ার আড়তদাররা

এবার চট্রগ্রামে কাঁচা চামড়া সংরক্ষণ লাগবে ৪ কোটি টাকার সাড়ে ৩ হাজার টন লবণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কোরবানির ঈদকে সামনে রেখে লবণের উচ্চমূল্যে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীরা দুঃশ্চিন্তায় পড়েছেন। এবার চট্টগ্রামে ৪ লাখ কোরবানির কাঁচা চামড়া সংরক্ষণ করতে প্রায় সাড়ে ৩ হাজার টন লবণ লাগবে বলে জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা। তারা জানান, গত রমজানে প্রতি বস্তা লবণের (৭৪ কেজি বস্তা লবণ) দাম ছিল ৫৮০ টাকা। এখন কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি ৭৪ কেজি লবণের বস্তার দাম ৮০০ টাকা হয়েছে।

এই ব্যাপারে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন আজাদীকে বলেন, এবার বৃহত্তর চট্টগ্রাম থেকে আমরা ৪ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করার প্রস্তুতি নিয়েছি। এই ৪ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করে তা সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করতে প্রায় ৪ কোটি টাকার লবণ ( ৩ হাজার ৫০০ টন) লাগবে। প্রায় ৪৭ হাজার ৫০০ বস্তা (প্রতি বস্তা ৭৪ কেজি করে)

তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই লবণের দাম বেড়ে যায়। এবারও লবণের দাম অনেক বেড়ে গেছে। এবার আমাদের বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীরা লবণের দাম বেড়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন। কাঁচা চামড়া আড়তে আনার সাথে সাথে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে হয়; না হলে চামড়া নষ্ট হয়ে যায়। এদিকে গত বছরের মতো এবারও কোরবানির চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করার ঘোষণা দেয়া হয়েছে। এসব লবণ ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসাগুলোতে সরবরাহ করা হবে, যাতে কোরবানির পর দ্রুত চামড়া সংরক্ষণ করা যায়।

কোরবানির ঈদকে সামনে রেখে লবণের উচ্চমূল্যে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির ব্যবসায়ীরা।

কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বিনামূল্যে সরকারি লবণ বিতরণের সুষমবণ্টন দাবি করেছেন। তিনি বলেন, বিনামূল্যের এই লবণ মসজিদমাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীদেরকেও যেন দেয়া হয়।

গত বছরেও কোরবানির চামড়া নষ্ট না হওয়ার জন্য সরকার বিনামূল্যে লবণ বিতরণ করেছিল। গত বছর শুধুমাত্র মসজিদমাদ্রাসা ও এতিমখানা গুলোকে দেয়া হয়েছিল। আমরা চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীরা সরকারি বিনামূল্যের লবণ পাইনি। আমরা কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীরা কোরবনির প্রায় ৮০শতাংশ কাঁচা চামড়া সংগ্রহ করি। আর মসজিদমাদ্রাসা ও এতিমখানাগুলো মাত্র ২০ শতাংশ কাঁচা চামড়া সংগ্রহ করে থাকে। সরকারের কাছে আবেদন মসজিদমাদ্রাসা ও এতিমখানাগুলোকে লবণ দেয়া হোক; পাশাপাশি আমাদের আড়তদারদেরকেও যেন দেয়া হয়। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভায় কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে চট্টগ্রামসহ সারাদশে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার এ মূল্য সারা দেশে একই থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচার ভাইয়ের মৃত্যুর কারণ কার্বন মনোক্সাইড
পরবর্তী নিবন্ধঅর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার