দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৫৫

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকি ৬ জনের মধ্যে ছিল হামের উপসর্গ।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত সময়ে ১৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ৩৬৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে ১ হাজার ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।

এ নিয়ে ১৫ মার্চ থেকে সারাদেশে ৭ হাজার ৩০৫ জনের হাম শনাক্ত হলো। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন। একই সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৩৬৯ জন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৪৭ জন ঢাকা বিভাগে মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১১৩৬ জন। এই সময়ে সবচেয়ে বেশি ৪৪০ জন রোগী ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালে, সবচেয়ে কম ১০ জন রংপুরে।

পূর্ববর্তী নিবন্ধট্রাকে বোঝাই করা রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মী নিহত
পরবর্তী নিবন্ধকোরবানির ঈদে সাত দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি