যুক্তরাষ্ট্রের উৎসবে সেরা হল বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘রেশমা : আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’। খবর বিডিনিউজের।

প্রামাণ্যচিত্রটি ‘উইমেন অ্যান্ড ওয়ার্ক’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। গত ১ ও ২ মে অস্টিনের স্ট্রিট থিয়েটারে দুই দিনব্যাপী হয় উৎসব। সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তির খবরে উছ্‌বাস প্রকাশ করে নির্মাতা সুরাইয়া তাছনিন সাথী। তিনি বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ‘কানেক্টহার’ ফেলোশিপের ফিল্ম ক্লাসে প্রথম যখন সিনেমা তৈরির পাঠ নিচ্ছিলাম, তখন ভাবিনি প্রথম সিনেমাতেই এমন অর্জন আসবে। এই ফেলোশিপ এবং দীর্ঘ এক বছরের সাধনা আজ সার্থক হলো। আমার মেন্টর নভেরা হাসান নিক্কণ এবং আমার মা কহিনুর বেগমের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না। এই অর্জনের মাধ্যমে সাথী ২,৫০০ মার্কিন ডলার প্রাইজ মানি ও একটি স্কলারশিপ লাভ করেছেন।

রেশমা : আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’ প্রামাণ্যচিত্রটি সুরাইয়া ফারহানা রেশমার বাস্তব জীবনের সংগ্রাম ও আত্মপরিচয়ের লড়াই ঘিরে নির্মিত হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মিঠুন বর্মন ও মারুফ ভুঁইয়া। প্রডাকশন টিমে কাজ করেছেন আবু বকর সিদ্দিক (শুভ আকন্দ), আপন, আরিফ, সুস্মি সরকার ও অর্ঘ্য রায়। কারিগরি সহায়তায় ছিল ধ্রুপদ কমিউনিকেশন। এটি সাথীর নির্মিত প্রথম চলচ্চিত্র। কানেক্টহার এর বিশেষ ফেলোশিপভিত্তিক ফিল্ম ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রশিক্ষণ নেন। প্রায় এক বছরব্যাপী গবেষণা ও পরিশ্রমের মধ্য দিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-ফারিয়া
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৫৮ কোটি টাকা