ইরানের পারমাণবিক বোমা তৈরির পথ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলেও তেহরানের সেই সক্ষমতায় বড় কোনো আঘাত হানতে পারেনি মার্কিন ও ইসরায়েলি বাহিনী। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, গত দুই মাসের যুদ্ধে একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সময়সীমা (টাইমলাইন) আগের মতোই রয়ে গেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক মূল্যায়নে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে তাদের প্রয়োজনীয় সময় গত বছরের গ্রীষ্মকালের পরিস্থিতির মতোই আছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পরমাণু সক্ষমতাকে প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছিল। এরপর চলতি বছর দুই মাস ধরে নতুন করে যুদ্ধ চললেও সেই সময়সীমার কোনো নড়চড় হয়নি বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামপ্রতিক হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ইরানের প্রথাগত সামরিক ঘাঁটি ও শিল্প স্থাপনা। যদিও ইসরায়েল বেশ কিছু পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে, তবে ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষত। গোয়েন্দাদের মতে, তেহরানের পরমাণু কর্মসূচিকে সত্যিকার অর্থে পঙ্গু করতে হলে তাদের কাছে থাকা এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হয় ধ্বংস করতে হবে, না হয় সেখান থেকে সরিয়ে নিতে হবে।













