বাকলিয়া থেকে ডিপজল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মে, ২০২৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া থানার তুলাতলি জামাই বাজার এলাকা থেকে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ মোট ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজল ওরফে শওকতকে (৪৬) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ডিপজল রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা।

তবে বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, ডিপজলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক গুরুতর মামলা রয়েছে। কোতোয়ালী, পাহাড়তলী, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া, চান্দগাঁও, পটিয়া ও হাটহাজারী থানায় দায়ের হওয়া এসব মামলার মধ্যে বেশ কয়েকটিতে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব।

পূর্ববর্তী নিবন্ধযৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের