হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ৯:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জেল ফেরত মো. শাহজাহান (৩৮)কে ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘাগড়াকুল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

পুলিশ জানায়, শাহজাহান মিতু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর জেলহাজতে ছিলেন। বর্তমানে ২০১৪ সালের একটি হত্যা মামলায় (মামলা নং১০()/১৪) আদালতের পরোয়ানা থাকায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ আরও জানান, একই দিনে পৃথক অভিযানে আরও চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেনউপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা ও একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর নবী (৪৬), হাটহাজারী থানার একটি মাদক মামলার আসামি মো. নুরুউদ্দীন, বেতাগী ইউনিয়নের একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সামসু মিয়া এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকা থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. সেকান্দার (৫৫)। এর বাইরেও একইদিন সকালে পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে স্থানীয়দের সহায়তায় ৭৮লিটার চোলাই মদ ভর্তি একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও মাদক নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় মিতু হত্যা মামলার আসাসিহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশাপলা চত্বরের ঘটনায় হেফাজতের ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধসারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু