শ্রমিক তোমার বাঁচতে হবে

জি এম জহির উদ্দীন | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

রোজ সকালে বেরিয়ে ওরা খুঁজে বেড়ায় কাজ–

সারা দিনটা কাজ করছে নেইকো তাতে লাজ

কাজ করছে–কাজ ধরছে–কপাল জুড়ে ভাজ

প্রতিদিনতো পায় না তারা– নিত্যদিনের কাজ !

ঘরজুড়ে সব ছেলে মেয়ে পায় না খেতে রোজ

বাপটা যেদিন কাজ পায় না–বন্ধ থাকে ভোজ!

পান্তা ভাত আর মরিচ পোড়া – এইটুকু সম্বল

যেদিন খেতে পায় না সে ভাত–গড়ায় চোখের জল।

শ্রমিক তোমার বাঁচার জন্য– কী করেছে দেশ

পাঁচ বছরে ভোটের চা আর–স্বপ্ন দেখাই শেষ!

আহার দেবো–বাহার দেবো–ভোটটা আমায় দাও

কথার সাথে–পাঁচশ টাকার–এই নোটটি নাও—

এতেই শ্রমিক–মজুর কুলি–আশায় বাঁধে বুক

এবার বোধহয় উপর থেকে নামবে কিছু সুখ

সুখ আসে না আকাশ হতে– তা বোঝবার নয়

এই জীবনে – লেখা পড়ার – হয়নি পরিচয়।

শ্রমিক তোমার বাঁচতে হবে– শ্রমের বিনিময়

ন্যায্য টাকা গুনতে হবে– আর তোষামোদ নয়

নয় কাকুতি– নয় মিনতি–তোমার শ্রমের দাম

নিতেই হবে–হিসেব করে–গড়তে মনস্কাম।

পূর্ববর্তী নিবন্ধতুমি
পরবর্তী নিবন্ধকাটে না মুগ্ধতার রেশ