রাঙ্গুনিয়ায় বেল্লাতল খালের কালভার্ট জরাজীর্ণ

ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে একটি জরাজীর্ণ কালভার্টের কারণে কয়েক হাজার মানুষের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাহেবনগর এলাকার ‘বেল্লাতল’ খালের ওপর অবস্থিত এই কালভার্টটি বর্তমানে এতটাই নাজুক যে, যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবনগরের এই সড়কটি অত্র অঞ্চলের বিকল্প ও সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। সড়কটি একদিকে সাদেক শাহ্‌ মাজার হয়ে সরাসরি রাঙামাটি প্রধান সড়কের সাথে সংযুক্ত হয়েছে। অন্যদিকে, খতিবনগর ও রুইস্যাবিলি হয়ে পার্বত্য অঞ্চলের ঘাগড়া সংযোগ সড়কের সাথে মিলেছে। গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলের কালভার্টটি অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটির নিচের পিলারে বড় ফাটল ধরেছে এবং উপরের ঢালাইয়ের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। নড়বড়ে এই কাঠামোর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে সিএনজি, মোটরসাইকেলসহ হালকা যানবাহন। ভারী যানবাহন চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মো. নুরুল আজিম বলেন, দীর্ঘদিন ধরে কালভার্টটি মেরামতের অভাবে এই অবস্থায় পৌঁছেছে। এটি ভেঙে পড়লে খতিবনগর, রুইস্যাবিলিসহ পার্বত্য এলাকার সাথে আমাদের সহজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আতঙ্ক বেড়ে যায়।

এলাকাবাসীর পক্ষে মো. ইকবাল হোসেন দাবি করেন, কোনো বড় ধরনের প্রাণহানির আগেই যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এলজিইডি দ্রুত এই স্থানে একটি নতুন ও টেকসই কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সচল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধউখিয়ায় বেপরোয়া পিকআপের ধাক্কায় নির্মাণশ্রমিক নিহত