বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজীরিতলায় লোকালয়ে গড়ে ওঠা একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মিনজীরিতলা এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস নামের ইটভাটাটি ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এরই প্রেক্ষিতে অবৈধ ওই ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ভাটার মালিক সাইফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে ভাটায় মজুদ রাখা কাঁচা ইটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, যথাযথ কাগজপত্র না থাকা এবং পরিবেশের নিয়ম ও আইন লঙ্ঘন করায় ওই ইটভাটাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কোটি টাকার সরকারি জমি উদ্ধার
পরবর্তী নিবন্ধচবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা