হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার রহুল্লাপুর মৌজার সত্তারঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই জমি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি জানান, সত্তারঘাট সেতু সংলগ্ন সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দিয়ে মূল্যবান এই সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বার্থে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পাশের অন্যান্য অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে দাপ্তরিকভাবে অবহিত করা হয়েছে।














