সমুদ্রতীরে ভেসে আসা একটি বিশাল তিমির মৃতদেহ খেতে গ্রেট হোয়াইট ও বুল শার্কসহ একদল হাঙ্গরের ভিড় জমেছে। এই পরিস্থিতিতে সিডনির দক্ষিণাঞ্চলের বেশ কিছু সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী ও সার্ফ রেসকিউ কর্তৃপক্ষ। গতকাল রোববার তারা সিদ্ধান্ত নেয়। খবর বাসসের।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার উপকূলীয় রয়্যাল ন্যাশনাল পার্কের এরা বিচে পাথরের ওপর আট মিটার লম্বা এবং ২৫ টন ওজনের স্পার্ম তিমির মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। এরপরই সৈকতগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের এরিয়া ম্যানেজার ব্রেন্ডন নিলি বলেন, সেখানে বেশ কিছু গ্রেট হোয়াইট ও বুল শার্ক দেখা গেছে। তিনি এএফপিকে বলেন, মানুষের কাছে এটি বেশ নাটকীয় বা ভীতি জাগানিয়া মনে হতে পারে। তবে এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। হাঙ্গরগুলো তিমির মৃতদেহটিকে খাদ্যচক্রে ফিরিয়ে নেওয়ার কাজ করছে। নিলি আরও বলেন, আমি সেখানে সাঁতার কাটতে যাব না, তবে পুরো প্রক্রিয়াটি বেশ কৌতূহলোদ্দীপক। বন্যপ্রাণী কর্মকর্তারা তিমির মৃতদেহটিকে অপসারণের পরিকল্পনা করছেন। তবে আগামী মঙ্গলবারের আগে তা সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি। সার্ফ লাইফ সেভিং এনএসডব্লিউ এক সতর্কবার্তায় জানিয়েছে, হাঙ্গরের আনাগোনা বেড়ে যাওয়ায়, রয়্যাল ন্যাশনাল পার্কের আওতাধীন এরা, গ্যারি, বার্নিং পামস ও ওয়াটামোলাসহ সব সৈকত বন্ধ রাখা হয়েছে।













