চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে ১ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া মোবাইল ফোন সাথে রাখার জন্য চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় আরো দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার বিকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে একযোগে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৮৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৬ জন, অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৫ জন।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো, চট্টগ্রামে ৮৯৮ জন, কক্সবাজারে ২১০ জন, রাঙামাটিতে ৩২৬ জন, খাগড়াছড়িতে ৯৮ জন এবং বান্দরবানে ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন মোবাইল আনার জন্য ও খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।














