হাটহাজারীতে খাল খনন কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার। গতকাল শুক্রবার তিনি হাটহাজারী পৌরসভার ‘সুন্দরী ছড়া’ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কিছুদিন পূর্বে সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইজিপিপি প্রকল্পের আওতায় এ খাল খনন কাজের উদ্বোধন করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫২০৩০ মেয়াদে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সংকট নিরসন। এ প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে হাটহাজারীতে সুন্দরী ছড়া খাল পনঃখনন (৫ কিলোমিটার) প্রকল্পের কাজ চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন দরিদ্র শিশুদের জন্য অর্কেস্ট্রা ইন্টিগ্রেটেড সেন্টারের সেবা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার