মেরিন ড্রাইভে ডাম্প ট্রাকের ধাক্কা, পর্যটক নিহত

মোটরসাইকেলে টেকনাফ থেকে ফেরার পথে দুর্ঘটনা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঢাকার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে টেকনাফ ভ্রমণে গিয়েছিলেন আশরাফুল। ফেরার পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধারে ব্যবস্থা নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধএনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, বাকি সবার বৈধ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ আমলে শিক্ষাখাতে অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র হবে : সংসদে শিক্ষামন্ত্রী