টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৯:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দুটি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

বিজিবি জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর হ্নীলা বিওপির একটি টহল দল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

টহল দল পাচারকারীদের চ্যালেঞ্জ করলে তাদের সহযোগীরা দূর থেকে গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া করে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামের দুইজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং বিওপির সদস্যরা ক্যারেঙ্গাঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সিফাত (২০) নামের একজনকে আটক করেন। তাঁর কাছ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটি বলছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পর্যটক এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধটেকনাফে বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার