চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আল-ফোরকান বলেছেন, ‘স্বপ্ন কখনো বাস্তবে রুপান্তরিত হয়না, যতক্ষণ না তুমি এ স্বপ্নের পেছনে তোমার সময় ব্যয় না করো,পরিশ্রম না করো। এ স্বপ্নে একমাত্র উপার্জনের একটাই উপায় সেটা হলো জ্ঞান অর্জন করা, পরিশ্রম করা, সময় দেয়া।রাত্রে যখন তুমি ঘুমাতে যাও, ঘুমানোর আগে চিন্তা করবে আজকে তুমি কয় ঘন্টা পড়েছো, নিজের জন্য কি করেছো, তোমরা যে লেখাপড়াটা করবে পরিশ্রমটা করবে সেটাই তোমার জন্য আর বাকিটুকু তোমাকে কিছুই দিবেনা। যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা জীবনের প্রথম কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছো, এখান থেকেই তোমার জীবনে গতি যাত্রা নির্ণীত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। সুতরাং তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে বলবো, যে সময়টুকু হাতে আছে, এ সময়টুকুর প্রতি যত্নবান হতে হবে, পরিশ্রমী হতে হবে, যে জায়গায় তোমার গ্যাপ আছে সেটা পূর্ণ করতে হবে।
বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল উচ্চশিক্ষা গ্রহণই নয়, নিজেদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ ও একাদশ শ্রেণীর নবীন বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতি ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন, রাজনীতিবিদ লায়ন সালাউদ্দিন আলী, ছাত্র নেতা তকিবুল হাসান তকি।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, শামিম আকতার ও প্রভাষক মো. হাসান এর যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শেখ আহমদ, এড. রিয়াদ উদ্দিন, পরিচালনা পরিষদের সাবেক সদস্য জসীম উদ্দিন বাবুল, আবদুল মান্নান দৌলত, কামরুল হাসান কাদেরী।
অনুষ্ঠানে বিদায়ী তিন শিক্ষক প্রতিষ্ঠান প্রধান আলী আহমদ, সিনিয়র শিক্ষক অজিউল্লাহ ও কামরুন্নাহার চৌধুরী কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কৃতি ছাত্রীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।














