স্ত্রীর সাথে ঝগড়া, শিশুপুত্রকে দেয়ালে ছুঁড়ে মেরে হত্যা!

বাবা ও দাদী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

স্বামীস্ত্রীর পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী আশরাফ বিন সামির নামে শিশু সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ঘরের দেয়ালে ছুঁড়ে মেরে হত্যার অভিযোগ ওঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ও দাদীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া পুলিশ। এমন পাশবিক ঘটনা ঘটেছে গত ৭ এপ্রিল মঙ্গলবার রাত ৮টায় নগরের দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায়। পরদিন বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে পাষণ্ড পিতা ও দাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শিশুটির বাবা মো. সজীব (২২) ও শিশুর দাদী নূর নাহার বেগম (৪০)

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, গত ৭ এপ্রিল রাত ৮টায় নগরের দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায় ভুক্তভোগী শিশুর মা শারমিন আক্তার কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী মো. সজীব, শাশুড়ি নূর নাহার বেগম ও শ্বশুর মো. হানিফের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্বামী সজীবস্ত্রী শারমিনকে মারধর শুরু করেন।

এ সময় তাদের দুই বছরের শিশু সন্তান আশরাফ বিন সামির মায়ের কাছে গেলে সজীব তাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঘরের দেয়ালে ছুঁড়ে মারলে সে গুরুতর আহত হয়। পরে তার খিঁচুনি শুরু হয়। মা শারমিন সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে অভিযুক্তরা তাকে আরও মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি আরও বলেন, শিশুটির মৃত্যুকে অসুস্থতাজনিত বলে প্রচার করে গভীর রাতে তার দাফন সম্পন্ন করা হয়। পরদিন জ্ঞান ফেরার পর শারমিন আক্তার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে দায়ী করে বাকলিয়া থানায় মামলা করেন।

বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে সজীব ও নূর নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেয়ার নির্দেশ মেয়রের
পরবর্তী নিবন্ধকরদাতারা যাতে সারা বছর রিটার্ন দিতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে