বৈশাখ মাসে নববর্ষ জমে মেলা খেলা,
নাগরদোলায় চড়ে শিশু ভাসায় খুশির ভেলা।
খায় সকলে পান্তা ইলিশ মিষ্টিও রয় সাথে,
ভালো–মন্দ এ দিন সবাই রাখে যে যার পাতে।
গ্রাম শহর যাই যেখানে জমে ওঠে মেলা,
ঘুরতে বেরোই সবাই মিলে আনন্দে যায় বেলা।
হালখাতা হয় ব্যবসায়ীদের প্রথম দিনটি ঘিরে,
স্বপ্ন দেখি নতুন দিনের উৎসবও হয় নীড়ে।
গানে গানে বর্ষবরণ চলে ডিসি হিলে,
কৃষ্টি ছোঁয়া বৃষ্টি ঝরে ভিজি সবাই মিলে।
ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যে সবাই ভাসি,
তাড়াই মনের দুঃখ জরা কষ্ট জ্বালা নাশি।










