প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। অপরদিকে সাইয়েদ আবদুল্লাহ বিশেষ সহকারী হিসেবে যুব কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব সামলাবেন। খবর বিডিনিউজের।
অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় না রাখার শর্তে তারা এই দায়িত্ব পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন দুই বিশেষ সহকারী।
শাকিরুল ইসলাম বর্তমানে জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে যুক্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। জাপানের এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করেন শাকিরুল। ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড–১৯, জলাতঙ্ক এবং নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার উন্নয়নে গবেষণাও করেছেন। অপরদিকে সাইয়েদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
আরও ২ বিশেষ সহকারী নিয়োগ : প্রতিমন্ত্রীর মর্যাদায় আরো দুজন বিশেষ সহকারী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে সাবেক সচিব বিজন কান্তি সরকারকে করা হয়েছে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ–গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও আছেন বিজন কান্তি সরকার। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যানও। আরেক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া তানভীর গণি কাজ করবেন বিনিয়োগ ও পুঁজিবাজার নিয়ে।
গতকাল তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তানভীর গণি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টাইবোর্ন ক্যাপিটালের সহ–প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে, যা বিভিন্ন দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়।













