আবারো স্থগিত চিটাগাং চেম্বারের নির্বাচন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে। চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় চেম্বারের ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড। গতকাল বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে ‘নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোট গ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো’ বলে জানানো হয়।

সূত্র জানায়, ৫ আগস্টের পর সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চিটাগাং চেম্বার প্রেসিডিয়াম ও পরিচালকরা পদত্যাগ করেন। নিয়োগ করা হয় প্রশাসক। গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫২৬ এবং ২০২৬২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। গত ১ নভেম্বর নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছিল। দুইটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণাও চালায়। এরপর মামলা, রিট, আইনি জটিলতায় কয়েক দফা নির্বাচনের তারিখ পরিবর্তিত হয়। সর্বশেষ ৪ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড। গতকাল তা আবারো স্থগিত করা হলো।

পূর্ববর্তী নিবন্ধঅফিস ৯টা থেকে ৪টা, ৬ টায় মার্কেট বন্ধ
পরবর্তী নিবন্ধবিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল