কক্সবাজারে জুলাইযোদ্ধা খোরশেদ হত্যায় ৯ জনের নামে মামলা

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজারে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় তিনদিন পর মামলা দায়ের হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ৩/৪ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খোরশেদের ভাই নওশাদ আলম বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন। মামলায় শহরের ঝাউতলা গাড়ির মাঠের মোহাম্মদুল হক তারেককে (২৩) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন পশ্চিম বাহারছড়ার সোহেল আহমেদের ছেলে রাকিব হাছান (২২), বাহারছড়ার অলি আহমদের ছেলে আরিফুল ইসলাম সামি (২৭), পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়ার মো. হানিফের ছেলে মো. সোহেল (২৮), দক্ষিণ রুমালিয়ার ছড়ার মোহাম্মদ হাছনের ছেলে মো. আইয়ুব (২৩), পশ্চিম বাহারছড়ার আবদুল গফুরের ছেলে সাইফুল ইসলাম হৃদয় (২৪), একই এলাকার অলি আহমদের ছেলে মো. জোবায়ের (২৭), দক্ষিণ কলাতলীর ছৈয়দ আলমের ছেলে মো. রিদুয়ান করিম (২৬), দক্ষিণ কলাতলীর গণি আহমদের ছেলে মো. নবী উল্লাহ (২৬)

অন্যদিকে আলোচনায় থাকা খোরশেদ আলমের বান্ধবী রাইসা তারিন সোলতানাকে মামলায় সাক্ষী করা হয়েছে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান খোরশেদ হত্যাকাণ্ডে তারিনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দীন বলেন, ভাইয়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার রয়েছে। এছাড়া গ্রেফতার প্রধান আসামি মো. তারেক ওরফে কাকা তারেককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (আগামীকাল) রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট সংলগ্ন এলাকায় খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন।

এ ঘটনায় খোরশেদ আলমের সঙ্গে থাকা তারিন নামে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। পুলিশের হেফাজতে নেওয়ার আগে তারিন সাংবাদিকদের বলেন, কবিতা চত্বর সৈকত এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে খোরশেদের কাছে মূল্যবান জিনিসপত্র দাবি করে। এক পর্যায়ে ‘আরিফ’ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ঘটনায় প্রধান অভিযুক্ত তারেককে ঘটনার দিন শেষরাতে চকরিয়ার খুটাখালীতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমাঝ পথে বাসের তেল শেষ, রেললাইনে বসা ৫ জনের প্রাণ নিল ট্রেন
পরবর্তী নিবন্ধচলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেসে আগুন