চবি উপাচার্য পদে যোগ দিলেন প্রফেসর ড. আল-ফোরকান

চবি প্রতিনিধি | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলফোরকান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলআমীন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের সাথে কুশল বিনিময় শেষে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, বুদ্ধিজীবী চত্বর ও স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে দুই উপউপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলফোরকান বলেন, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার কারণে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ যে ভিশন ও স্বপ্ন নিয়ে আমি নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছি, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত সোমবার চবির নতুন ভিসি হিসেবে মনোনীত হন ড. মোহাম্মদ আলফোরকান। যা বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন। তবে মঙ্গলবার সরকার ড. মোহাম্মদ আলফোরকানকে নতুন ভিসি হিসেবে প্রজ্ঞাপন জারি করলে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে না
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, লাখ টাকা জরিমানা