ভারতে আরো এক সন্দেহভাজন গ্রেপ্তার

হাদি হত্যা

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় নতুন সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে এটি একটি বড় অগ্রগতি বলে দাবি করছে ভারতের এই বিশেষ বাহিনী। এসটিএফের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে বিশেষ অভিযান চালিয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, ফিলিপ একজন বাংলাদেশি নাগরিক। তিনি হাদি হত্যার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সরাসরি সহায়তা করেছিলেন। বর্তমানে তাকে এসটিএফ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, পশ্চিমবঙ্গের কল্যাণী এঙপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে ফিলিপকে আটক করা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং ভারতে তাদের আশ্রয়দাতা কারা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, অর্থাৎ ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বঙ কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান এই তরুণ রাজনৈতিক কর্মী।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ‘পেঁয়াজু বানানো নিয়ে ঝগড়া’, স্বামীর ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু