ঈদের ছুটি বেড়ে হল ৭ দিন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও এক দিন বাড়িয়ে ৬ দিন করেছে সরকার। এর সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে মোট ৭ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। সে হিসেবে ১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ১৭ মার্চ শবে কদরের এবং ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগেপরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।

ঈদের ছুটি শুরুর আগেরদিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। তবে গতকাল মন্ত্রিপরিষদে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তাকর্মচারীরা।

এদিকে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তাকর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। কেননা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেল ও গ্যাস সেক্টরে রেশনিং শুরু
পরবর্তী নিবন্ধকুয়েতে মরুভূমিতে পড়ে আছে সন্দ্বীপের জাহেদের নিথর দেহ