লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিকের স্ত্রীর ৩ মাসের কারাদণ্ড

দুদকের মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক প্রকাশ এফ কবির মানিকের স্ত্রী তাহেরা কবিরকে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। পাশাপাশি উক্ত জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। এসময় তাহেরা কবির কাঠগড়ায় হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়। আদালতসূত্র জানায়, ২০২২ সালের ১২ মে মানিকের স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর তৎকালিন উপপরিচালক মো. আবু সাঈদ নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী ফরম পূরণ করে জমা না দেয়ায় অপরাধ করেছেন তাহেরা কবির। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ () ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে আরো বলা হয়, মানিকের স্ত্রী তাহেরা কবিরের নামে ৫৫ লাখ টাকার স্থাবর ও ২৫ লাখ ৭৮ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব পাওয়া যায়।

আদালতসূত্র জানায়, মামলা দায়ের পরবর্তী তদন্ত কার্যক্রম শেষ করে তাহেরা কবিরের বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ জানুয়ারি চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ এর তৎকালিন সহকারী পরিচালক মো. এনামুল হক। পরবর্তীতে আদালত দুদকের উক্ত চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের হস্তক্ষেপে প্রতিবন্ধী দম্পতির স্বপ্নপূরণ
পরবর্তী নিবন্ধদুদকের ডাকে সাড়া নেই