ডলারের বাজার ‘স্থিতিশীল রাখতে’ ব্যাংক থেকে নিলামে আরও ১২ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ১২২ টাকা ৩০ পয়সা দরে আটটি ব্যাংক থেকে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য দিয়ে বলেছেন, চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কিনেছে। এ নিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত মোট ৫৩৮ কোটি ৫০ লাখ ডলার কেনার তথ্য দেন তিনি। খবর বিডিনিউজের। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণার সময়ে ডলার কেনা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, ডলার কেনা না হলে টাকার মান আরো পড়ে গিয়ে আমদানি খরচ বাড়িয়ে দেবে। তাতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই কৌশলের পাশাপাশি ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে চলছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে গভর্নর দাবি করেন, আইএমএফের চাপে নয়, বরং বাজার বিবেচনায় নিয়ে তা বাজারভিত্তিক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গেল বছর ১৩ জুলাই প্রথম নিলামে ডলার কেনা শুরু করে। সেদিন নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছিল।











