লোহাগাড়ায় মেয়েকে যৌনপীড়নের অভিযোগে সৎ পিতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১২ বছর বয়সী মেয়েকে যৌনপীড়নের অভিযোগে সৎ পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের মামনি হাসপাতালের পেছনে আহমদ মেম্বার কলোনির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. নুরুল আমিন (২৭) একই উপজেলার সদর ইউনিয়নের বলি আকবর পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, নুরুল আমিন ও তার স্ত্রী উভয়ে শিল্পী। তারা গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। আগে তারা উভয়ের একটি করে সংসার ছিল। উভয়ের সংসারে বিচ্ছেদ হয়। প্রায় দেড় বছর আগে নুরুল আমিনের সাথে তার বর্তমান স্ত্রীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নুরুল আমিনের বর্তমান স্ত্রী জানান, তার আগের সংসারের ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েটি তার বর্তমান সংসারে থাকে। বর্তমান সংসারেও একটি সন্তান আছে। ঘটনারদিন সকালে বাচ্চাকে টিকা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় বাসায় সৎ পিতা ও আগের ঘরের ১২ বছর বসয়ী মেয়েটি ছিল। বাসায় অন্য কেউ না থাকার সুযোগে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তার সৎ পিতা। পরে বাসায় এসে মেয়ে ও তার সৎ পিতার অস্বাভাবিক আচরণ দেখতে পান। এক পর্যায়ে মেয়েটি ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে নুরুল আমিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআর্ট ক্লাব বিডির আত্মপ্রকাশ