দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ১টি বাচ্চা ডলফিন মরে ভেসে উঠেছে। ভেসে আসা ডলফিনটি উদ্ধার করেন হালদা নদীর হাটহাজারি অংশের পাহারাদার মো. আলামগীর। ডলফিনটি গত মঙ্গলবার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকায় হালদাতে ভেসে আসে মদুনাঘাট এলাকা থেকে। হাটহাজারীর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট করে জানান এর দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২–৩ বছর হতে পারে। ৩/৪দিন আগে এটি জালে আটকা পড়ে শরীরে পচন ধরে। শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে মারা গিয়ে থাকতে পারে। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। হালদা নদীর মারাত্নক দূষণ, ইঞ্জিত চালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে ডলফিনের মৃত্যুর পরিমাণ বাড়ছে যা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি। উদ্ধারকৃত ডলফিনটি ৪৭ তম মৃত ডলফিন বলে জানা গেছে।












