একটি দল নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়

পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায়না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে, যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।

গতকাল সোমবার সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায়না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। অথচ এদেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বিএনপির নারী সমাজকে ক্ষমতায়ন করবে, মর্যাদাবান ও অর্থনৈতিক সচ্ছলতা আনবে বলে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। এতে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় : ফখরুল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা