বান্দরবানের আজিজনগর–গজালিয়া দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে লামা উপজেলার প্রশাসনের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের তথ্যমতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত–২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে আজিজনগর ইউনিয়নে এসবিএম ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং গজালিয়া ইউনিয়নে গড়ে তোলার ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আজিজনগর ও গজালিয়া দুটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে গড়ে তোলা ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। থানচিতে গড়ে তোলা ইটভাটাসহ কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










