বন্দরের কার্যক্রম সচল রাখতে যানজট নিরসনের কোনো বিকল্প নেই

মুহাম্মদ এনামুল হক মিঠু | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

একটি দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ বহন করে তার বন্দর। সেই বন্দরের প্রতিটি মুহূর্তের কার্যক্রম নির্ভর করে সময়নিষ্ঠতা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার ওপর। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বর্তমানে আমাদের প্রধান বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, তা কেবল নাগরিক ভোগান্তির মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি সরাসরি দেশের রপ্তানি কার্যক্রম, আন্তর্জাতিক সুনাম এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশেষ করে বারেক বিল্ডিং মোড় থেকে বন্দরগামী সড়ক এবং বন্দর থেকে পতেঙ্গাগামী রোডে সন্ধ্যার পর থেকেই প্রতিনিয়ত ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। নানা কারণে এই পরিস্থিতি দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, রাত ১০টার পর এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে কার্যত কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চোখে পড়ে না। ট্রাফিক কন্ট্রোলারের অনুপস্থিতিতে সড়ক যেন নিজস্ব নিয়মে চলতে থাকে, আর সেই বিশৃঙ্খলার বোঝা বইতে হয় দেশের রপ্তানি ব্যবস্থাকে।

এই অনিয়ন্ত্রিত যানজটের সরাসরি শিকার হচ্ছে এক্সপোর্ট সংশ্লিষ্ট যানবাহন। সময়মতো কন্টেইনার বন্দরে পৌঁছাতে না পারায় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক এক্সপোর্ট কন্টেইনার শাটআউট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এর ফলে জাহাজের শিডিউল বিঘ্নিত হচ্ছে, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেওয়া শিপমেন্ট কমিটমেন্ট রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে অর্জিত বাংলাদেশের রপ্তানি খাতের বিশ্বাসযোগ্যতা ও সুনাম আজ এই যানজটের চাপে চরম ঝুঁকির মুখে।

এটি নিছক একটি ট্রাফিক সমস্যার গল্প নয়, এটি জাতীয় স্বার্থের প্রশ্ন। একটি কন্টেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারা মানে শুধু একটি চালান আটকে যাওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে শ্রমিকের পরিশ্রম, উদ্যোক্তার বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক ভাবমূর্তি।

এই প্রেক্ষাপটে অবিলম্বে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সার্বক্ষণিক ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা, বিশেষ করে রাতের সময় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প রুট ব্যবস্থাপনা এবং বন্দরগামী যানবাহনের জন্য আলাদা সময়সূচি বা লেন নির্ধারণ, এসব বিষয়ে এখনই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। দেশের স্বার্থে উদ্ভূত এই জরুরি পরিস্থিতিতে বন্দর নির্ভর সকল অংশীজনের কণ্ঠ আজ একটাই দাবি জানাচ্ছে ‘যানজট নিরসন করুন’ শৃঙ্খলা ফিরিয়ে আনুন, বন্দরকে তার স্বাভাবিক গতিতে চলতে দিন। কারণ একটি সচল বন্দরই পারে একটি দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে, আর সেই পথের সবচেয়ে বড় বাধা আজ এই নিয়ন্ত্রণহীন যানজট। আমাদের প্রশাসন সেক্টর এ ব্যাপারে আন্তরিকতা সহ অতীব জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন । এটাই প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধভিক্ষুকদের কারিগরি শিক্ষা দিয়ে পুনর্বাসন করা হোক
পরবর্তী নিবন্ধউপহারের তালিকায় বই থাকুক