মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন বিডার নির্বাহী চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) নিবার্হী চেয়ারম্যান আশিক চৌধুরী মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরির্দশন করেছেন। গতকাল সকালে তিনি বোট যোগে চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে যান। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, মিডার সদস্যগণ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আশিক চৌধুরী মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর, ডকইয়ার্ড পোর্ট এক্সেস রোড এলিভেটেড অংশসহ অন্যান্য প্রকল্প পরির্দশন করেন। পরির্দশন শেষে প্রকল্প সমূহের সার্বিক অগ্রগতি নিয়ে পরিচালক, এমডি সিপিজিসিবিএল, কক্সবাজারের জেলা প্রশাসকসহ প্রকল্পসমূহের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ।

মাতারবাড়ী পরির্দশন শেষে বিকালে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। তিনি বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন। পরে তিনি বন্দরের শীর্ষ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সমস্যা ও তা নিরসনকল্পে করণীয় বিষয়েও আলোচনা করা হয়। পরে তিনি চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত ‘লেটার অফ এপ্রিসিয়েশান’ হস্তান্তর করেন। প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার পক্ষে এই চিঠি হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি
পরবর্তী নিবন্ধশিল্পপতি ও ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিত হলে অর্থনীতি আরও গতিশীল হবে