সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনও গণভোট হতে দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার বিকালে যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, আর টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করেন। যেগুলো সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করুন। যেগুলো হয়নি সেগুলো সংসদে হবে। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন। নির্বাচন বানচালে কয়েকটি দল চক্রান্ত করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবার একটা চক্রান্ত করছে, নির্বাচনকে বানচাল ও পিছিয়ে নেওয়ার জন্য। পরিষ্কারভাবে বলতে চাই, এটা দেশের জনগণ মেনে নেবে না। আমাদেরকে খাটো করে দেখবেন না, অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে বিষয়গুলো ভিন্নভাবে আসবে। পরিষ্কার করে বলতে চাই, আপনারা এসব বাদ দেন।
ঐকমত্য কমিশন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসল, যে বিষয়গুলোতে একমত হয়ে গেছি, সেগুলো সই হয়ে গেছে। তারপর আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসেছে এবং যেগুলোতে আমরা সই করেছিলাম সেগুলো ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করেছে। রাজনৈতিক দলগুলো যেন তাদের হাতের খেলনার মতো। আমরা প্রত্যেকটা সভায় মতামত দিয়েছি। তাহলে আজকে কেন রাজনৈতিক দলগুলোকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কী করলেন এত দিন? আপনারা সঠিক কাজটি করেননি। প্রভাবদুষ্ট হয়ে কাজ করছেন।
রাজনৈতিকদলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। আপনারা নতুন করে শুরু করতে চাইছেন, নিজেদের ফায়দা হাসিল করবার জন্য, এটা দেশের মানুষ কোনো মতেই মেনে নেবে না।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে অমলেন্দু দাস অপু, মফিকুল ইসলাম তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবিরা সুলতানা মুন্নী, আবুল হোসেন আজাদ এবং রওনকুল ইসলাম শ্রাবণ বক্তব্য দেন। এ সময় প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম উপস্থিত ছিলেন।











