মীরসরাইয়ে দিন–দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, এক কৃষকের বাড়ির সামনে বাঁধা অবস্থায় থাকা লাল রঙের একটি গাভী চুরি করে দ্রুত একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে যায় চোরের দল। আশপাশের কেউ বুঝে ওঠার আগেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে এ সময় গাভীর সঙ্গে থাকা বাছুরটি চুরির হাত থেকে বেঁচে যায়।
ভুক্তভোগী কৃষক মৃদুল নন্দী বলেন, একজন স্কুলছাত্র আমাকে জানায়–একজনকে প্রাইভেটকারে গরু তুলতে দেখেছে সে। তখন তাকে জিজ্ঞেস করলে গরু ক্রয় করছে বলে জানায়। পরে বিষয়টি আমাকে জানালে দৌড়ে গিয়ে দেখি গরু নেই। তিনি আরো বলেন, গরুটি আমার একমাত্র জীবিকার ভরসা ছিল। প্রতিদিন এর দুধ বিক্রি করে সংসার চালাতাম। দিন–দুপুরে এমনভাবে গরু নিয়ে যাবে ভাবতেই পারিনি। তিনি জানান, গরুটির আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














