হাটহাজারীতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামসহ উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
গত ৩১ আগস্ট দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর সন্দ্বীপ পাড়া এলাকার হাজির তলী মসজিদ সংলগ্ন এলাকার তাসলিমা বেগম নামে এক মহিলা মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান। মামলায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামসহ উপজেলার ১৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার প্রশাসক ও সহায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, উপজেলা এবং পৌরসভার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এতে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় পৌরসভা এলাকার ত্রিবেণী মোড়স্থ কাঁচা বাজারের গলির ভিতরে মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন মামলার বাদী তাসলিমা বেগমের স্বামী রিকশাচালক মোহাম্মদ জামাল মোল্লা। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে উল্লেখ করা হয়।














