চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক কনফারেন্স ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আগামী সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক কনফারেন্স উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. মো. কোরবান আলী, অধ্যাপক মাছুম আহমেদ এবং ড. শিরিন আকতার। দর্শন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ‘ফিলোসপি: নাও এন্ড হেয়ার’ প্রতিপাদ্যে এ আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দর্শনের উপযোগিতাকে আলোচনার মূল বিষয়বস্তু করা হয়েছে।
কনফারেন্সে কী– নোট স্পিকার থাকবেন ভারতের কেরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন মেথিউ। অতিথি বক্তা হিসেবে থাকবেন পিএইচপির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউনাইটেড বোর্ড সাউথ এশিয়ার প্রধান প্রফেসর ড. মাহের স্পারজিয়ন। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন উপ–উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুল হক।












