দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে ১১০৯ জনের মৃত্যু হলো। দেশে এর আগে এ রোগে আক্রান্ত হয়ে প্রাণহানি কখনই ৩০০ পেরোয়নি। ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত একদিনে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৫৫ জন রোগী। এ নিয়ে এ বছর দেশে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন। খবর বিডিনিউজের।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৯৩৮ জন এবং ঢাকায় ৬১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৬০২ জন রোগী। এর মধ্যে ঢাকায় ২৬৮৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৯১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। ওই বছর এ রোগে ৯৩ জনের মৃত্যু হয়। তবে ২০১৯ সালের আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কখনই একশ জনের বেশি মানুষের মৃত্যু হয়নি। ওই বছর মারা যান ১৭৯ জন। পরের বছর এ রোগে মৃত্যুর সংখ্যা কম থাকলেও ২০২২ সালে তা বেড়ে ২৮১ জন হয়। এ বছরের আগে পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এখন পর্যন্ত মৃতদের মধ্যে ৭০০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪০৯ জন মারা গেছেন।













