রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১২ জন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুন বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. বশির (৬৫) ও মো. আমজাদ (৪৫)। নিহত বশির পাবনা জেলার ভাংগুরা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং আমজাদ ভোলা জেলার মনপুরা গ্রামের দানু মাঝির ছেলে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। আহতদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, চট্টগ্রাম শহর থেকে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপটি চন্দ্রঘোনা সেগুন বাগান এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় গাড়িতে থাকা চালকসহ ১৪ জন নির্মাণ শ্রমিক আহত হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক প্রবীর খিয়াং বলেন, হাসপাতালে আনার আগে ওই দুই ব্যক্তি মারা যায়। আহত ১২ জনের মধ্যে ১ জন নারী রয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, গাড়িতে সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। তারা কাপ্তাইয়ের একটি ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার মুখে পড়েন। এই ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেয়া হচ্ছে।














