পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের শুনানি হয়নি

মিতু হত্যা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু খুনে তার বাবার করা মামলায় পিবিআই-এর দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি হয়নি। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মিতুর বাবার করা সময়ের আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী এ তারিখ নির্ধারণ করেছে। আদালতের নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মিতুর বাবা
অনুপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার জন্য সময়ের আবেদন করে আগামী তারিখ চেয়েছেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।’ গত ২৫ জানুয়ারি মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার বাবা মোশাররফ হোসেনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। সেখানে থাকা তথ্য উপাত্তসমূহ মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের মামলায় একীভূত করতে আবেদন জানানো হয়। এর আগে গত ৯ জানুয়ারি মিতুর বাবার করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাবুলকে তার নিজের করা মামলায় গ্রেপ্তার দেখাতে আদেশ দেয় আদালত। গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে গত বছরের ৩০ ডিসেম্বর আদালতের কাছে আবেদনটি করা হয়।
২০১৬ সালের ৫ জুন সকালে পাঁচলাইশ থানাধীন ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।

পূর্ববর্তী নিবন্ধদলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি, সময় ৪ দিন
পরবর্তী নিবন্ধশিল্পী সমিতির চেয়ারে বসল নতুন কমিটি