এসমালী দিঘির পাড়ে দাঁড়িয়ে তোমায় ডাকছি।
তুমি এসো একান্ত প্রার্থনায়।
বাচিকের মঞ্চ আলো করে, অনুভব বিছিয়ে দেবো
লতায় পাতায় আনত বৃক্ষের মতো।
নেমে আসুক জামরঙা বিকেল,
জোনাকের বসতিতে তবু জ্বলবে আলো।
গোপন সবুজ নদী রূপালি ডানায়
লাফিয়ে উঠবে নির্জন হৃদের কাছে নিমগ্ন আবেশে।
ডুবন্ত জাহাজ ভেসে উঠবে এবার -‘
নিশ্চিন্তে ঘুমাবে পাল তোলা জাহাজের লস্কর।
কতকাল ঘুমায়নি ঝড়ের সংকেতে।
তুমি আসলে চোখের ভেতর গুঁজে রাখা হবে
স্বপ্নের মাস্তল বোঝাই অনাগত ভবিষ্যৎ।
ভোরের সুগন্ধিতে স্বস্তির হুইসেলে নাচবে বন্য মেহেক।
এসো, রাঙিয়ে দাও, হে অকুতোভয় সংশপ্তক।










