সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ‘হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। আমাদের বর্তমান খাদ্যাভাস কম বয়সীদেরও হৃদরোগের ঝুঁকির মধ্যে ফেলছে। সে কারণে খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করতে হবে।’
তিনি গতকাল মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা ( হেলথ স্ক্রিনিং) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকির কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন। কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. নুরুদ্দিন তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আওয়াজ ও ডা. এস. এম. ইফতেখারুল ইসলাম। এ সময় ডা. কফিল উদ্দিন, ডা. নুরুদ্দিন জাহাঙ্গীর সেলিম, ডা. মিশকাতুন নুর, ডা. ইকবাল মাহমুদ ও ডা. আজিজুর রহমান মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. কাজী শামীম আল মামুন। ২ দিনব্যাপী এ হেলথ স্ক্রিনিং কর্মসূচির প্রথম দিনে প্রায় ৩০০ চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











