হাসিনার রায় যা-ই হোক সেটা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিকদের মতো আগামীকাল রায় (শেখ হাসিনার মামলার রায়) নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। ট্রাইব্যুনাল কী রায় দেবে সেটা তো আমরা জানি না। তবে রায় যাই দিক, সেটা কার্যকর হবে এবং জনগণ এটা মেনে নেবে।

গতকাল রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনটা যেন ফ্রিফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হয়, এ আশা রয়েছে। এ বিষয়ে মাঠ প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে। খবর বাংলানিউজের।

নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেন, এটার মধ্যে আরো স্টেকহোল্ডার রয়েছে। যেমন নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো এবং সব থেকে গুরুত্বপূর্ণ জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কোনো কিছু থামিয়ে রাখা যাবে না। রাজনৈতিক দলগুলো এবং গণমাধ্যম যে নির্বাচনমুখী হয়েছে এটা ভালো দিক। কিছু কিছু এলাকায় রাজনৈতিক বেশ কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করেছেন; এটাও ভালো দিক।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বলব না, খুবই খারাপও বলব না, তবে সন্তোষজনক সেটা বলব। স্বাধীনতার পরে এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো কেউ বলেনি। সবসময় নেগেটিভ দিকে থাকে। তবে বর্তমানে সন্তোষজনক। আর বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোটাই প্রস্তুত।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বরিশালে এবার প্রচুর ধান হতে দেখেছি। একসময় বরিশালকে শস্যভান্ডার বলা হলেও এখন তা রংপুর, দিনাজপুরের দিকে চলে গেছে। কিন্তু এবারের ফসল দেখে আমি খুব খুশি হয়েছি। তিনি বলেন, পেঁয়াজের দামটা চক্রান্তকারীরা বৃদ্ধি করেছে, কিন্তু তারা সফল হবে না। কারণ সামার অনিয়ন যেটা রয়েছে সেটা দুইচার দিনের মধ্যে ওঠানো শুরু হয়ে যাবে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে, প্রায় দুই হাজার লোক পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছে। প্রযুক্তির কারণে অন্যান্য বারের মতো এবার কৃষকরা সব পেঁয়াজ বাজার ছাড়েনি, পেঁয়াজ আছে, আর এজন্যই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ৫
পরবর্তী নিবন্ধলালদিয়া কন্টেনার টার্মিনালের জন্য আজ ৩০ বছরের পিপিপি চুক্তি সই করবে সিপিএ