হাটহাজারীতে হালদার জোয়ারের পানি লোকালয়ে, দুর্ভোগ

স্লুইচগেট নির্মাণ ও পাড় সংস্কারের দাবি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:০৬ পূর্বাহ্ণ

হালদা নদীর জোয়ারের পানি প্রতিদিন লোকালয়ে ঢুকে তলিয়ে যায় সড়কসহ বাড়িঘর। দুই থেকে তিন ঘণ্টা জোয়ারের পানি থাকায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে এলাকার কয়েক হাজার মানুষ।

হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গচ্চালি শাখা খালের পশ্চিম পাশে দায়মুদ্দিন সারাং বাড়ির উত্তর পাশ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পূর্ব মেখল ও পশ্চিম গড়দুয়ারা এলাকার হাজার হাজার এলাকাবাসীকে। প্রতিদিনই জোয়ারের পানিতে অন্তত দুই থেকে তিন ঘণ্টা উপজেলা সদরের সঙ্গে মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে হাঁটু পরিমাণ জোয়ারের পানি থাকায় গাড়ি চলাচল করতে পারে না। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষকে প্রতিদিন সড়ক থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে দ্রুততম সময়ের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর শাখা খালের মুখে একটি স্লুইচগেট স্থাপন ও শাখা খালের পাড় উঁচু করে নির্মাণ করার দাবি জানান স্থানীয় ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, হালদা পাড়ের গড়দুয়ারার দুই ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের এক ওয়ার্ডের লক্ষাধিক মানুষ প্রতিদিন জোয়ারের পানির কারণে সড়ক ডুবে উপজেলা সদরের সাথে দুইতিন ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া হালদার জোয়ারের পানির তীব্র স্রোতে ধসে যাচ্ছে রাস্তাঘাট। হাটহাজারীর আজিজিয়া মজিদিয়া সড়কের বিভিন্ন স্থানও ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে যায়।

গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা শফিক আহমদ ভুট্টু বলেন, হালদা নদীর জোয়ারের পানি সরাসরি গচ্ছালি শাখা খাল হয়ে অনেকের বাড়িঘরে ঢুকে যায়। এতে করে শিক্ষার্থীসহ জনসাধারণ চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন। পূর্ব মেখল এলাকার বাসিন্দা টেঙিচালক মোহাম্মদ সেলিম ও সেকান্দর বলেন, হালদা নদীর জোয়ারের পানির কারণে আজিজিয়া মজিদিয়া সড়কে পানি থাকায় যানবাহন চলাচল করা যায় না। তাই খালের মুখে দ্রুততম সময়ের মধ্যে স্লুইচগেট নির্মাণ ও খাল সংস্কার করার জোর দাবি জানাচ্ছি।

গড়দুয়ারা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুহতাদি কাউনাইন মিহরাব জানায়, বিকাল ৪টায় স্কুল ছুটি হওয়ার পর হাটহাজারী কলেজ গেট এলাকায় সড়কে জোয়ারের পানি থাকায় ট্যাঙিগুলো গড়দুয়ারাতে যায় না। সড়ক থেকে পানি না নামা পর্যন্ত হাটহাজারীতে অপেক্ষা করতে হয়।

পূর্ববর্তী নিবন্ধডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে স্বর্ণ ও টাকা লুট, রহস্য উদঘাটন
পরবর্তী নিবন্ধসাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে চিঠি