হাটহাজারীতে সড়ক অবরোধ, তিন ঘণ্টা বন্ধ ছিল গাড়ি চলাচল

দুর্ঘটনায় একজন আহত হওয়ার জের

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারী আঞ্চলিক সড়কে গতকাল মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাতে অসংখ্য যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। গতকাল চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন সড়কে মোঃ এমরান (২২) নামে একজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়রা সড়ক সমপ্রসারণ ও ডিভাইডার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে রাত পৌনে বারোটায় সড়ক অবরোধ তুলে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার মোঃ এমরান চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন একটা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। লোকজন সংবাদ পেয়ে রাত সাড়ে আটটা থেকে সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কে শত শত গাড়ি আটক পড়ে। রাত সাড়ে ৮টা থেকে ১১ টা ১০ মিনিট পর্যন্ত সড়কে অবরোধ ছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মোমিন ও এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়ার ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী নাজিরহাট মহাসড়ক রাত ১১ টা ২০ পর্যন্ত বিক্ষোভকারীরা অবরোধ করে রাখে। পরে তারা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উক্ত স্থানে সড়ক দুর্ঘটনায় নয় জন আহত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবাঁধনকে হেনস্তায় ইতালির কাছে কঠোর ব্যবস্থা চেয়েছে বাংলাদেশ