হাটহাজারীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার এসআরবি–৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি–চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
জানা যায়, উল্লেখিত এলাকার সড়কের পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে–এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআরবির একটি দল সেখানে পৌঁছালে ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে থানার মামলা দায়ের করা হয়েছে।











