স্বামীর মারধরের পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ির রোসাংগিরি

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নে সনি আকতার (২১) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগের রাতে নেশাগ্রস্ত স্বামী তাকে বেদম মারধর করে বলে জানায় স্থানীয় সূত্র। নিহত সনি উপজেলার দক্ষিণ রোসাংগিরি এলাকার মৃত জসিম উদ্দীনের মেয়ে। তিনি দুটি পুত্র সন্তানের জননী।

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে সনির স্বামী সুমন নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ফিরে সনিকে প্রচণ্ড মারধর করে। এর পরদিন (১৪ আগস্ট) সকালে বসতঘর থেকে সনির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, আমরা ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মৃত্যুর আগের দিন গৃহবধূর স্বামী নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করেছে বলে জানতে পেরেছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সমুদ্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধগ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না : নাহিদ